বিবিপি নিউজ: বারুইপুর কান্ডে অশান্তি, ভাঙচুরের ঘটনায় কাউকে যে ছাড়া হবে না, তা মঙ্গলবারই নির্যাতিতার বাড়িতে গিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনায় বুধবার রাতভর অভিযান চালিয়ে আরও ২২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে এই ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এর আগে বুধবার ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। এরপরেই রাতভর অভিযানে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হল। সব মিলিয়ে তাণ্ডবের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০।
জাতীয় মানবাধিকার কমিশনের নিয়ম মেনে বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের ময়নাতদন্তে তিন সদস্যের বিশেষ বোর্ড গঠন করল স্বাস্থ্যদপ্তর। ষগত রবিবার বারুইপুরে উদ্ধার হয় নাবালিকার দেহ। এরপরেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদের নামে চলে তাণ্ডব। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, পুলিশের উপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এমনকী গণপিটুনিতে একজনের মৃত্যু হয় বলেও অভিযোগ ওঠে। এরপরেই মঙ্গলবারই ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, বারুইপুরে সক্রিয় মৌলবাদী ও দেশবিরোধী শক্তি। ভোটে যাঁরা হেরেছেন, তাঁরা উসকানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন বলেও মন্তব্য করেন। শুধু তাই নয়, অশান্তির ঘটনায় যে ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এরপরেই শুরু হয় পুলিশের ‘অ্যাকশন’। চলছে ধরপাকড়।
