বিবিপি নিউজ: বিজেপি-তে যোগ দিলেন প্রাক্তন তিন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বরাইক। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা ধরেন রাজ্যসভার প্রাক্তন তিন সাংসদ। তার পরেই শমীক জানিয়ে দেন, এই যোগদান ‘ব্যতিক্রমী’ ঘটনা। তবে তৃণমূল নেতা-কর্মীদের যোগদান করানোর বিষয়ে যে নীতি তাঁদের ছিল, তা থেকে কোনও মতেই ‘বিচ্যুতি’ নয়। তিনি স্পষ্ট বলেন, তৃণমূলে থেকে যাঁরা দুর্নীতি করেননি, তাঁদের আগেই পাশে চেয়েছে বিজেপি। রাজ্যসভার তিন আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরের দিন, বৃহস্পতিবার সুখেন্দুদের এই যোগদানের পরেই জোরালো হচ্ছে জল্পনা, তবে কি এ বার এই তিন জনকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠাবে বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যদিও তা স্পষ্ট করেননি। জল্পনা জিইয়ে রেখে বলেন, ‘‘চর্চা চলুক না।’’
