বিবিপি নিউজ: শিয়ালদহ বনগাঁর পর এবার কম দূরত্ব তথা শিয়ালদহ বারাসত শাখায় চলবে বাতানুকুল তথা এসি লোকাল ট্রেন। মাত্র ৪০ মিনিটে শিয়ালদহ থেকে বারাসত পৌঁছে দিতে যাবে। শুধু এসি ট্রেনই নয়, এর পাশাপাশি শিয়ালদহ মেন লাইন, বারাসত এবং হাসনাবাদ শাখাতেও একাধিক নতুন ট্রেন ও কয়েকটি ট্রেনের রুট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম জানিয়েছে, সব শাখা মিলিয়ে মোট ১১টি নতুন ট্রেন এবং ৫টি ট্রেনের পথ বাড়ানো হচ্ছে, এছাড়াও থাকছে আরও ২টি স্পেশাল ট্রেনও ।
আগামী ৬ জুলাই, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে সপ্তাহে ৫ দিন (সোমবার থেকে শুক্রবার) এই নতুন পরিষেবাগুলি চালু হবে। রেল জানিয়েছে, বর্তমানে শিয়ালদহ ডিভিশনে ২টি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল আপ-ডাউন করছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন এই রুট।
আপ রুট: সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেনটি ছেড়ে বেলা ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছবে।
ডাউন রুট: সকাল ১১টা ২৯ মিনিটে বারাসত থেকে ছেড়ে দুপুর ১২টা ১৩ মিনিটে শিয়ালদহ স্টেশনে ফিরবে।
স্টপেজ: যাতায়াতের পথে এই এসি লোকালটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে থামবে।
