বিবিপি নিউজ: পদ ছেড়েও অস্বস্তি যেন পিছু ছাড়ছে না চম্পতের। ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের। প্রণামীর টাকা চুরিকাণ্ডে এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল পুলিশের কাছে।
রামমন্দিরের প্রণামীর টাকা চুরির ঘটনায় শুরু থেকেই চম্পতের বিরুদ্ধে ক্ষোভ জমেছিল অযোধ্যার আইনজীবীদের। তিনি অযোধ্যা ছেড়ে না-গেলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন আইনজীবীরা। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে দল বেঁধে অযোধ্যার রাম জন্মভূমি থানায় যান তাঁরা। সেখানে ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পতের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আইনজীবীরা। চম্পতের বিরুদ্ধে এফআইআর রুজুর দাবি তোলেন তাঁরা।
উল্লেখ্য, প্রণামীর টাকা চুরির মামলায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাতে চম্পতের গাড়ির চালক তিনু ছাড়াও রয়েছেন অবিনাশ শুক্ল, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তব। অভিযোগপত্র জমার আগেই চম্পতকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। তবে কখন, কোথায়, কতক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে— সেটি স্পষ্ট নয়। সূত্রের দাবি, প্রণামী চুরির অভিযোগ সংক্রান্ত বিষয়ে তথ্য এবং নথিপত্র জমা দিতে বলা হয়েছে চম্পতকে।
