বিবিপি নিউজ: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বার ও লাইভ মিউজিক রেস্টুরেন্টে বিধ্বংসী আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরও ৬০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (১৩ জুলাই) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত এক সংগীতশিল্পী বলেন, মঞ্চের কাছে একটি বৈদ্যুতিক কাট-আউট সুইচে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়। এরপর দ্রুত ধোঁয়া ও আগুন পুরো বারে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যুৎ চলে যাওয়ায় ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই পিছনের দিকে পালিয়ে শৌচাগারে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে সেখান থেকেই অধিকাংশ মৃতদেহ উদ্ধার করা হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের মধ্যে ১৮ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। ব্যাংকক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সুরিয়াচাই রাভিওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অধিকাংশের মৃত্যু বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধে হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চলছে।
