বিবিপি নিউজ: রাজ্য পুলিশে বড়সড় রদবদল। ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করল শুভেন্দু অধিকারীর দপ্তর। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আইপিএস সুপ্রতিম সরকারের বদলি। সিআইডি, এডিজি অর্থাৎ রাজ্যের গোয়েন্দা প্রধানের পদ থেকে বদলি করে তাঁকে অপেক্ষাকৃত কম দায়িত্বপূর্ণ পদ এডিজি, টেলিকমিউনিকেশনে আনা হয়েছে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হয়েছেন নটরাজন রমেশবাবু। তিনি এতদিন কারা বিভাগের ডিজি ছিলেন। মঙ্গলবার নবান্ন থেকে এই রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একইসঙ্গে একাধিক আইপিএস ও ডব্লুবিপিএস পদে রদবদল হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর-কাণ্ডে দুই এএসপি-কেও সরানো হয়েছে।
বারুইপুরের দুজন অ্যাডিশনাল এসপি-কেও সরানো হয়েছে। পিনাকি দত্তকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল অতীশ বিশ্বাসকে। সূর্যপুরের ঘটনা মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেন অফিসাররা ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে, তা নিয়ে প্রশ্ন ওঠে। তারপরই এই পদক্ষেপ।
তৃণমূল আমলের আর্থিক দুর্নীতি খোঁজার দায়িত্বে ডিরেক্টর অব ইকোনমিক অফেন্স পদে নিয়ে আসা হল সৎ অফিসার হিসেবে পরিচিত কে জয়রামনকে। বদলি হওয়া আইপিএসদের মধ্যে রয়েছেন দুঁদে পুলিশ অফিসার কে জয়রামন। তাঁকে এডিজি, উত্তরবঙ্গ থেকে সরিয়ে আনা হয়েছে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর পদে। পশ্চিমাঞ্চলের এডিজি পদ থেকে সরিয়ে আইপিএস বিশাল গর্গকে আনা হয়েছে আইবি-তে। এসটিএফের আইজি পদে ছিলেন দক্ষ অফিসার প্রবীণ ত্রিপাঠি। তাঁকে বদলি করা হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হোমগার্ড বিভাগে, সেখানকার আইজি হয়েছেন তিনি। বদল হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও। সেখানকার ডিসি পদে ছিলেন আইপিএস স্পর্শ নীলাঙ্গী। তাঁকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হল। বিধাননগরের পুলিশ কমিশনার পদ থেকে সরানো হল ত্রিপুরারি অথর্ভকে। বিধাননগরের নতুন সিপি হলেন অমিত রাথোড়।
এছাড়া বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারেরও বদলি হয়েছে। কোচবিহার, দার্জিলিংয়ের এসপি পদে রদবদল হয়েছে। আইপিএস প্রতীক্ষা ঝড়খড়িয়া ছিলেন দার্জিলিংয়ের পুলিশ সুপার। তাঁকে কলকাতা পুলিশে বদলি করে নতুন এসপি করা হয়েছে শ্রীকান্ত জগন্নাথ রাওকে। তিনি ছিলেন কলকাতার ডিসি, ডিডি। আইপিএস মণীশ যোশিকে কলকাতা ট্রাফিক বিভাগ থেকে সরিয়ে কোচবিহারের এসপি পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

