অভিনেতা রবি মোহন - আরতি বিবাহবিচ্ছেদ মামলায় ৪০ লাখ টাকা ভরণপোষণের দাবি খারিজ করল আদালত - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

অভিনেতা রবি মোহন - আরতি বিবাহবিচ্ছেদ মামলায় ৪০ লাখ টাকা ভরণপোষণের দাবি খারিজ করল আদালত

 



বিবিপি নিউজ: দক্ষিণী অভিনেতা রবি মোহনের বিবাহবিচ্ছেদ মামলায় স্ত্রীর দাবি করা প্রতিমাসে ৪০ লাখ টাকা করে ভরণপোষণ দাবি খারিজ করল চেন্নাই ফ্যামিলি ওয়েলফেয়ার আদালত। আদালত  প্রতি মাসে ৩ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন ভরণপোষণ মঞ্জুর করেছে। এই সিদ্ধান্তের পর বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।



তামিল চলচ্চিত্র অভিনেতা রবি মোহন এবং তাঁর স্ত্রী আরতি রবির বিবাহবিচ্ছেদ মামলায় পারিবারিক আদালত একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরতি অন্তর্বর্তীকালীন ভরণপোষণ হিসেবে প্রতি মাসে ৪০ লক্ষ টাকা দাবি করেছিলেন। তবে, আদালত এই দাবি গ্রহণ করেনি এবং মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আরতি ও তাঁদের সন্তানদের খরচ বাবদ রবি মোহনকে প্রতি মাসে ৩ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। 


এর আগে, আরতি মাদ্রাজ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে অভিযোগ করেছিলেন যে নিম্ন আদালতে তাঁর ভরণপোষণের আবেদনের শুনানি বিলম্বিত করা হচ্ছে। তখন হাইকোর্ট পারিবারিক আদালতকে জরুরি ভিত্তিতে আবেদনটির শুনানি করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল। আরতি আদালতে জানিয়েছিলেন যে, নিয়মিত আয়ের কোনো নির্ভরযোগ্য উৎস না থাকায় তিনি সন্তানদের পড়াশোনা, জীবনযাত্রার খরচ এবং অন্যান্য দৈনন্দিন চাহিদা মেটাতে আর্থিক সংকটে পড়ছেন। তাই তিনি প্রতি মাসে ৪০ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন ভরণপোষণ দাবি করেছেন।


তবে, আদালত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাবিকৃত অর্থের পরিমাণকে অতিরিক্ত বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে, আদালত বিবাহবিচ্ছেদের শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন ভরণপোষণের আদেশ দিয়েছে। দীর্ঘদিন প্রেম করার পর রবি মোহন ও আরতি রবি ২০০৯ সালে বিয়ে করেন। দাম্পত্য জীবনের ১৫ বছর পর এই দম্পতি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে চেন্নাইয়ের একটি পারিবারিক আদালতে তাদের বিবাহবিচ্ছেদ মামলার শুনানি চলছে।


Pages