বিবিপি নিউজ: ত্রিপুরার পুলিশ সদর দপ্তরে নিজ কার্যালয়ে সোমবার রহস্যজনক গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সে রাজ্যের পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকর। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নিজের সার্ভিস রিভালবার থেকেই গুলি চালিয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে প্রশাসন।
সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে আগরতলার গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক প্রদীপ ভৌমিক জানান, দুপুর ১২টার দিকে তাঁকে হাসপাতালে আনার সময় তাঁর শরীরে কোনো প্রাণের স্পন্দন ছিল না। দীর্ঘ ৪০ মিনিট চেষ্টার পরও তাঁকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি এবং দুপুর ১২.৪৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৯৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা অনুরাগ ধনকর ২০২৫ সালের মে মাসে ত্রিপুরা পুলিশের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ত্রিপুরার গোয়েন্দা বিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি দীর্ঘ সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-তে গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে একাধিক আলোচিত মামলার তদন্তে নেতৃত্ব দিয়ে তিনি বিশেষ পরিচিতি ও সুনাম অর্জন করেছিলেন।
একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে ত্রিপুরা প্রশাসন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং ফরেনসিক দল প্রতিটি আলামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া না পর্যন্ত আত্মহত্যার প্রাথমিক ধারণার পাশাপাশি অন্য কোনো পারিপার্শ্বিক কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ত্রিপুরার মতো গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী রাজ্যের পুলিশ প্রধানের অকাল মৃত্যুতে নিরাপত্তা ও প্রশাসনিক স্তরে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
