বিবিপি নিউজ: স্কুল পড়ুয়াদের জন্য সুখবর। এবার সপ্তাহে একদিন পাতে পড়বে চিকেন বিরিয়ানি। হ্যাঁ এমনটাই জানিয়েছেন রাজ্য সরকার। তামিলনাড়ুর ‘থালাপতি’ বিজয় সরকার এমনই পরিকল্পনা করছে। সপ্তাহে অন্তত একবার মিড ডে মিলে চিকেন বিরিয়ানি খাওয়ানো হতে পারে। গতকাল বুধবার এই ঘোষণা করলেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী রাজমোহন।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন bbplive.news@gmail.com
তামিলনাড়ুর স্কুল শিক্ষা মন্ত্রী রাজমোহন মুখোমুখি হয়ে মিড ডে মিল নিয়ে রাজ্য সরকারের ভাবনার কথা জানান। তিনি বলেন, “জাস্টিস পার্টি খাবার এনেছিল। কামরাজের শাসনকালে সূচনা হয় মিড ডে মিলের। কে আইয়া মিড ডে মিলে ডিম যুক্ত করে খাবারকে পুষ্টিসমৃদ্ধ করে তোলেন। আম্মার সময় প্রত্যেক সপ্তাহে ডিম খাওয়ানো হতো। অনেক পরিবর্তন ঘটেছে। আমারও একটা স্বপ্ন ছিল, যা আমি যথাস্থানে জানিয়েছি। সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে না কেন?” তিনি আরও জানিয়েছেন, যাবতীয় তথ্য সংগ্রহ করেই মুখ্যমন্ত্রী ‘থালাপতি’ বিজয়ের কাছে প্রস্তাব পেশ করেছেন তিনি। এই মুহূর্তে প্রস্তাবটি বিবেচনা করে দেখা হচ্ছে। স্কুলের ব্রেকফাস্ট মেনুতেও বড় রদবদল ঘটতে চলেছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে তামিলনাড়ুর স্কুলে মিড ডে মিলের জন্য মাথাপিছু ১৫ টাকা বরাদ্দ রয়েছে। রোজ যাতে একই জিনিস না খাওয়ানো হয়, তা দেখছে রাজ্য সরকার। উপমার জায়গায় পুষ্টিকর খাবার খাওয়ানোর কথা ভাবা হচ্ছে।
তবে পড়ুয়াদের মিড ডে মিলে বিরিয়ানি খাওয়ার প্রস্তাবে এখনও পর্যন্ত সিলমোহর পড়েনি। বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। বর্তমানে তামিলনাড়ুর সরকারি স্কুলে পড়ুয়াদের ডিম এবং চিকেন খাওয়ানো হয় নিয়মিত। নিরামিষ খায় যে সব পড়ুয়া, তাদের কলা খাওয়ানো হয়। স্কুল পড়ুয়াদের বিনা পয়সায় খাবার খাওয়ানোর রীতি শুরু হয় তামিলনাড়ু থেকেই। ক্রমে ক্রমে তা ছড়িয়ে পড়ে অন্য রাজ্যগুলিতেও। এম কে স্ট্যালিন ব্রেকফাস্টও শুরু করেন স্কুলগুলিতে।
