বিবিপি নিউজ: দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের বিষয়ে গর্জে উঠলেন বলিউডের অভিনেতা সালমান খান। স্পষ্ট করে দিলেন, তিনি পড়ুয়াদের পাশে আছেন। ছাত্র আন্দোলন নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন বলিউডের একাধিক তারকা। সোমবার যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত মিছিল করেন পড়ুয়ারা। সেই সময়ে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সমাজমাধ্যমে সরব হন বহু তারকা। বুধবার সেই আন্দোলন নিয়ে মুখ খুললেন বলিউডের ভাইজান।
সলমন নিজের একটি ছাত্রবেলার ছবি শেয়ার করেন। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে সলমন লেখেন, “এটি খুবই শান্তিপূর্ণ একটি আন্দোলন। কিন্তু শেষপর্যন্ত তা হিংসাত্মক মোড় নেওয়ায় খুব খারাপ লাগছে। যাঁরা আহত হয়েছেন, সেই ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের জন্য আমার মন থেকে কষ্ট হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। তবে দেশের পড়ুয়ারা যে আরও ভাল শিক্ষাব্যবস্থার দাবিতে একজোট হয়েছেন এবং তাঁদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন, তা দেখে ভাল লাগছে।” তিনি আরও লেখেন, “ওঁরা যে অবস্থান নিয়েছেন, তার প্রশংসা করি। পড়াশোনার প্রতি ওঁদের নিষ্ঠা, আন্তরিকতা এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলার ইচ্ছা এবং শিক্ষিত ভারত গড়ার স্বপ্ন সত্যিই প্রশংসনীয়। এই আন্দোলন, এই প্রতিবাদই সঠিক পথ। আর ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ ভাবেই সেই পথ বেছে নিয়েছেন। এই সাহস এবং দৃঢ়তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। শিক্ষার প্রতি এই প্রজন্মের আগ্রহ এবং লক্ষ্যই একদিন ভারতকে গর্বিত করবে।” সলমনই বলিউডের প্রথম ‘খান’ যিনি পড়ুয়াদের হয়ে মুখ খুললেন। তিনি লিখেছেন, “ছাত্রদের জন্য আমার মন থেকে কষ্ট হচ্ছে। এই বিষয়টি ছাত্রছাত্রী এবং শিক্ষাব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এটিকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এই আন্দোলনের কৃতিত্ব শুধু আমাদের দেশের ছাত্রছাত্রীদেরই প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাঁদের পাশে দাঁড়াবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে সকলেরই লাভ হবে। আমি আশা করছি, ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। সকলের জন্য শুভকামনা। যারা পড়াশোনা করতে চায়, ঈশ্বর আশীর্বাদ করুন তাদের।” তিনি আরও লেখেন, “শিক্ষাই আগামী দিনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠুক। প্রতি বছর তা আরও জনপ্রিয় হোক। এমন একটা সময় আসুক, যখন বিদেশ থেকেও মানুষ ভারতে পড়তে আসবে। ভারত বিশ্বের অন্যতম শিক্ষাকেন্দ্র হয়ে উঠুক।” ভাইজানের এই পোস্টে আবেগপ্রবণ হয়েছেন অনেকেই।

