দলে দলে ইসরো ছাড়ছেন বিজ্ঞানী, প্রযুক্তি কর্মীরা, ১০০-র বেশি পদত্যাগী - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

দলে দলে ইসরো ছাড়ছেন বিজ্ঞানী, প্রযুক্তি কর্মীরা, ১০০-র বেশি পদত্যাগী



বিবিপি নিউজ,নয়াদিল্লি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) ছাড়ছেন বিজ্ঞানী থেকে প্রযুক্তি কর্মীরা। কেউ কেউ স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। ফলে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতির মধ্যেই বড় ধাক্কা খেল ISRO. একজন বা দু’জন নন, গত কয়েক মাসে ১০০-র বেশি বিজ্ঞানী ISRO থেকে পদত্যাগ করেছেন। আর তাতেই নড়েচড়ে বসল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রের মহাকাশ বিভাগ আরও কড়া বিধি বলবৎ করল, যাতে যখন ইচ্ছে চাইলেই পদত্যাগ করতে না পারেন বিজ্ঞানীরা, স্বেচ্ছাবসর নিতে না পারেন। 


ISRO থেকে যে সব বিজ্ঞানীরা ইস্তফা দিয়েছেন, তাঁদের মধ্যে হাই-প্রোফাইল একাধিক নাম রয়েছে, যেমন, LVM3 প্রজেক্টের ডিরেক্টর ভিক্টর জোসেফ, SpaDeX প্রজেক্টের ডিরেক্টর আদিত্য রাল্লাপল্লি, ‘চন্দ্রযান ৩’ অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে ‘চন্দ্রযান-৩’। এতজন বিজ্ঞানীর ইস্তফার খবরে সিলমোহর দিয়েছেন ISRO-র চেয়ারম্যান ভি নারায়ণন। তবে এতে কাজকর্মে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন তিনি।


বিজ্ঞানী, প্রযুক্তিকর্মীরা কেন ISRO ছাড়ছেন, তার কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। তবে এমন একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে ISRO-র কর্মীদের বিকল্প রোজগারের রাস্তা বেছে নিতে দেখা গিয়েছে। এমনকি ISRO-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথও ISRO-র বেতনের কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, দেশের তাবড় শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত হতে আগ্রহী। কিন্তু বেতনের অঙ্ক শুনেই মুখ ফিরিয়ে নেন তাঁরা। ISRO-র সর্বোচ্চ পদে থাকাকালীন তাঁর বেতনই ২.৫ লক্ষ টাকা। IIT-র ছেলেমেয়েরা বেসরকারি সংস্থায় কেরিয়ার শুরুই করেন ওই বেতনে। তাই মহাকাশ গবেষণায় আগ্রহ থাকলেও, বেতনের অঙ্ক শুনে মুখ ফিরিয়ে নেন প্রতিভাবান ছেলেমেয়েরা।


দ্য টাইমস অফ ইন্ডিয়া-র খবর অনুযায়ী জানা গেছে, গত কয়েক মাসে প্রায় ১২০ জন বিজ্ঞানী ISRO ছেড়েছেন। ৮০ জন ইস্তফা দিয়েছেন বেঙ্গালুরুর  U R Rao স্যাটেলাইট সেন্টার থেকে। তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ইস্তফা দিয়েছেন ২০ জন বিজ্ঞানী। খাতায় কলমে এই সংখ্যা আরও বেশি। আরও বেশ কয়েকজনের ইস্তফা জমা পড়ে গিয়েছে। এখনও অব্যাহতি দেওয়া হয়নি তাঁদের। 


ISRO-র চেয়ারম্যান ভি নারায়ণন দ্য টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “হ্যাঁ, অনেকেই চলে যাচ্ছেন। তবে এটা প্রত্যেক সংস্থাতেই ঘটে। কাউকে ধরে রাখা নয়, বরং গুরত্বপূর্ণ অভিযানগুলি যাতে ধাক্কা না খায়, তা দেখাই কাজ আমাদের। একজন গেলে অন্য কেউ দায়িত্ব নেবেন। আমরা বিষয়টি দেখছি।” তবে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিলেও, সব যে ঠিক নেই তা বোঝা যাচ্ছে বিলক্ষণ। কারণ দলে দলে বিজ্ঞানীরা ইস্তফা দেওয়ায় কেন্দ্রের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়, যাতে বলা হয়, ‘গগনযান এবং অন্য গুরুত্বপূর্ণ অভিযানের সঙ্গে যুক্ত ‘A’ গ্রুপের বিজ্ঞানী এবং প্রযুক্তি কর্মীরা যেভাবে স্বেচ্ছাবসর এবং পদত্যাগের আবেদন জমা দিচ্ছেন, তাতে দেশের গুরুত্বপূর্ণ অভিযানগুলির উপর প্রভআব পড়তে পারে’।  চাইলেই যখন তখন যাতে স্বেচ্ছাবসর নিতে বা পদত্যাগ করতে না পারেন বিজ্ঞানীরা, তার জন্য কড়া বিধিও আনা হয়েছে। 


( এই খবরটি নিউজ ফিড থেকে নেওয়া হয়েছে, বিবিপি নিউজ হেড লাইন ছাড়া আর কোনো সম্পাদক করেনি)


| ইসরো | বিজ্ঞানী | পদত্যাগ | প্রযুক্তি কর্মী | মহাকাশ গবেষণা | স্বেচ্ছাবসর | ইস্তফা |

Pages