CJP-র আন্দোলন ঠেকাতে বাতিল দিল্লি ও নিজামউদ্দিনগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন সহ দিল্লি মেট্রো - BBP NEWS

Breaking

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

CJP-র আন্দোলন ঠেকাতে বাতিল দিল্লি ও নিজামউদ্দিনগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন সহ দিল্লি মেট্রো

 




বিবিপি নিউজ: ১০ অক্টোবর নয়াদিল্লি এবং হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল ঘোষণা করেছে রেলওয়ে বোর্ড। রেলওয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ অক্টোবর ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে যে সমস্ত ট্রেন এই দুটি স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল, সেগুলি যাত্রা শুরুর উৎস স্টেশন থেকেই বাতিল থাকবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ অক্টোবর দুপুর ২টার পর বিভিন্ন উৎস স্টেশন থেকে যে ট্রেনগুলি দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল এবং ১০ অক্টোবর ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি কিংবা হযরত নিজামুদ্দিনে পৌঁছানোর সূচি ছিল, সেগুলির পরিষেবা পুরোপুরি বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট স্টেশন দুটির মধ্যবর্তী রুটে অপ্রত্যাশিত যানজটের (ট্র্যাক কনজেশন) কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।


এদিকে, শনিবার যন্তর মন্তরে ইন্ডি জোট ও সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)-এ অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। কর্মসূচিকে কেন্দ্র করে জমায়েত ও বিক্ষোভকারীদের চলাচল নিয়ন্ত্রণে রাখতে দিল্লি মেট্রোর ৫৭টি স্টেশন বন্ধ রাখার জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে (DMRC) অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ। সব মিলিয়ে ট্রেন বাতিল এবং মেট্রো সংক্রান্ত কড়াকড়িতে শনিবার রাজধানীতে সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

Pages