বিবিপি নিউজ,কলকাতা: স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুননি গতকাল বুধবারও সম্পূর্ণ হল না।
চলতি মাসের 18 তারিখ মঙ্গলবার ফের এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। বুধবার স্যাটে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী সওয়াল করেন। প্রায় দু’ঘণ্টা ধরে চলা সওয়ালে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে ডিএ দেওয়ার ক্ষেত্রে সরকারের আর্থিক অসুবিধার বিষয়টি তুলে ধরা হয়।
রাজ্যের বাইরে অর্থাৎ দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী। সরকারের বক্তব্য, দিল্লি ও চেন্নাইয়ে থাকা রাজ্য সরকারি কর্মীদের দুই জায়গায় সাংসারিক দায়িত্ব পালন করতে হয়। তাই তাঁদের খরচ বেশি। স্যাটের পক্ষ থেকে বলা হয়, এই যুক্তি তো এখানে থাকা অনেক রাজ্য সরকারি কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য। অনেকের কর্মস্থল বাড়ি থেকে দুরে হয়। ডিএ মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে বক্তব্য পেশ এদিন শেষ হয়েছে।
