বিবিপি নিউজ,কলকাতা: মিসাইলের আঘাতে ধ্বংস আস্ত একটি জাহাজ। কবীরের মুখোমুখি টাইগার।অবশেষে সম্মুখ সমরে বলিউডের দুই 'বাহুবলী' হৃতিক রোশন টাইগার শ্রফ। যুদ্ধের ময়দানে দুই অভিনেতা। আজ মঙ্গলবার বলিউডের দুই অভিনেতার আগামী ছবি ওয়্যার-এর ট্রেলার লঞ্চ হতেই হইচই ফেলে দিয়েছে।
ট্রেলারে দেখা যাচ্ছে দুর্ধর্ষ অ্যাকশন দুই অভিনেতার। তবে যুদ্ধে কে জিতবেন? এখনই বলা মুশকিল। তবে হাড্ডাহাড্ডি অনস্ক্রিন লড়াই চলবে দু-জনের, এবিষয়ে আগাম আভাষ দিয়েছে ছবির ট্রেলার।
ঝলকে দেখা গেছে, প্লেন থেকে শূন্যে ঝাঁপ থেকে শুরু করে বাইক রেসিং কী করেননি দু-জনে। মুখোমুখি বন্দুক উঁচিয়ে অবিশ্রাম গুলিবর্ষণ তো আছেই। আর এই সব অ্যাকশন দেখিয়ে দু-জনেই যেন তাঁদের ভক্তদের বলছেন, আমাদের দেখুন!
ছবির গল্প অনেকটাই এরকম। শত্রু দেশের এজেন্ট কবীর এদেশে পা রাখে সব ছারখার করতে। তার জ্বালায় যখন নেতা-মন্ত্রী-প্রশাসনের নাভিশ্বাস দশা তখনই খোঁজ পড়ে এমন একজনের যে কবীরের অস্ত্রেই ঘায়েল করবে কবীরকে। তখনই সামনে আসে খালিদ। যে গুরু মারা বিদ্যায় মাত করার চেষ্টা করবে কবীরকে। তারপর? আপাতত তার আর পর নেই। ছবিতে শুধুই ঝলক দেখা গেছে বাণী কাপুরের। যা দেখে আন্দাজ করা মুশকিল তাঁর চরিত্র কেমন। তবে পরিচালক সিদ্ধার্থ আনন্দ উবাচ, এটাই ছবির রহস্য। এবং এই রহস্য জিইয়ে রাখতেই বাণী ট্রেলারে নেপথ্যচারিণী।

