বিবিপি নিউজ: দেশজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। বিগত কয়েকদিনের আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় তা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৩৮৭৫। মৃত্যু হয়েছে ১৯৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ বিকেল পাঁচটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬,৭১১। মৃত্যু হয়েছে ১,৫৮৩ জনের। সেরে উঠেছেন ১৩,১৬০ জন।
বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২.৫ লাখ ছাড়িয়ে গেল। ইউরোপে করোনা সর্বোচ্চ প্রভাব কিছুটা কমে গিয়েছে বলে দাবি করা হলেও আমেরিকায় ভাইরাসের প্রকোপ আরও বাড়তে পারে বলে ধারণা। ভারতেও পরিস্থিতি খুব একটা ভালো নয়। বরং গত কয়েকদিনে দৈনিক যেখানে ২,০০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মিলছিল, গত ২৪ ঘণ্টায় তা একলাফে বেড়ে ৪,০০০-এর কাছে চলে গিয়েছে।
