বিবিপি নিউজ: বাবাকে অসুস্থ রোগী সাজিয়ে বিয়ে করতে চললেন ছেলে। কারন লকডাউনের জরুরি পরিষেবা ছাড়া যানবাহন চলাচল নিষিদ্ধ। সে জন্য বাবাকেই অসুস্থ সাজিয়ে অ্যাম্বুল্যান্স ভাড়া করে বিয়ে করতে গিয়েছিলেন ২৬ বছরের যুবক। বিয়ে করে বউ ও বাবাকে নিয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু আর শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি হানায় হাজতবাস হয়েছে গোটা পরিবারের।
ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের খাটৌলি এলাকার। করোনায় বেশ কয়েক জন আক্রান্ত হওয়ায় ওই এলাকাকে ইতিমধ্যেই হটস্পট হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। সেই এলাকা থেকেই অ্যাম্বুল্যান্সে করে বিয়ে করতে দিল্লি গিয়েছিলেন আহমেদ। পথে পুলিশি বাধা এড়াতে বাবাকে সাজিয়েছিলেন অসুস্থ। তদন্তে পুলিশকে জানিয়েছেন, কয়েদিন আগে ওই যুবক দিল্লিতে যাওয়ার চেষ্টা করলেও পথে পুলিশের বাধায় ঘরে ফিরতে বাধ্য হয়। এরপরেই ফন্দি আঁটেন বাবাকে অসুস্থ সাজিয়ে অ্যাম্বুল্যান্স করে বিয়ে করতে যাবেন।
এর পরই আহমেদ অ্যাম্বুল্যান্স ভাড়া করে বিয়ে করতে বেরিয়ে যান। কিন্তু আর শেষ রক্ষা হল না। শেষমেষ হাজতবাস হল পরিবারের। ঘটনায় অ্যাম্বুল্যান্স চাঋকেও গ্রেফতার করেছে পুলিশ।
