বিবিপি নিউজ: অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হল উচ্চ মাধ্যমিকের স্থগিত পরীক্ষার ভবিষ্যত। কয়েকদিন আগেই বাকি পরীক্ষাগুলির সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন। এর পরেই বুধবার তাতে চূড়ান্ত সিলমোহর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন সাংবাদিক বৈঠকে পার্থবাবু জানান, আগামী ৩০ শে জুন পর্যন্ত বাংলার সব স্কুল বন্ধ থাকবে। তবে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষার সূচির কোনও পরিবর্তন হচ্ছে না। আগামী ২৯ জুন, ২ এবং ৬ জুলাই বাকি থাকা পরীক্ষাগুলি হবে। পরীক্ষার নির্ঘণ্টে চূড়ান্ত সিলমোহর দেওয়া হলেও আমফানের জেরে ধাক্কা খেয়েছে উচ্চ মাধ্যমিকের কেন্দ্র বিন্যাসের প্রক্রিয়া।
শিক্ষামন্ত্রী জানান, কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার অনেক পরীক্ষাকেন্দ্রেই আমফানের প্রভাব পড়েছে। ওই আট জেলায় উচ্চ মাধ্যমিকের জন্য মোট ১,০৫৮টি পরীক্ষাকেন্দ্র বাছাই করা হয়েছিল। কিন্তু আমফানের দাপটে ৪০০ বেশি পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্কুল শিক্ষা দফতর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিকল্প পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
