বিবিপি নিউজ: নক্করজনক ঘটনা! পরিযায়ী শ্রমিকদের উপর লাঠি নিয়ে বেধড়ক মারধর করলেন পুলিশ। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের। লকডাউনে দেশ। চূড়ান্ত কষ্টে দিনযাপন করছেন পরিযায়ী শ্রমিকেরা। কেউ সাইকেল, কেউ বা হেঁটে, এই রাজ্য থেকে সেই রাজ্যে পাড়ি দিচ্ছেন। সরকারের বন্দোবস্ত করে দেওয়া শ্রমিক স্পেশ্যাল ট্রেনে করেও যে বাড়ি ফিরবেন, পকেটে সেই ভাড়াটুকুও নেই।
অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বেশ কিছু নির্মীয়মান বিল্ডিং-এ আটকে গিয়েছে কর্মীরা। ভিন রাজ্য থেকে কাজ করতে আসার কয়েকদিন পরেই লকডাউনের ঘোষণা হয়। এরপরেই চূড়ান্ত সমস্যায় পড়েন ওই পরিযায়ী শ্রমিকেরা। জমানো অর্থ যা ছিল, সবই শেষ হয়ে গিয়েছে লকডাউনে খাবার জোগাড় করতে। এমনই আবহে বাড়ি যাওয়া ছাড়া দ্বিতীয় কোনও উপায় খুঁজে পাচ্ছিলেন না তাঁরা।প্রায় ১০০রও বেশি পরিযায়ী শ্রমিক তাই অমরাবতী থেকে মঙ্গলাগিরি যাওয়ার উদ্দেশে রওনা দেন। কেউ সাইকেলে। কেউ আবার পায়ে হেঁটেই। আর কিছু দূর যাওয়ার পরই পুলিশ তাঁদের আটকায়। শুরু করে বেধড়ক মারধরও। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। পুলিশের মার খেতে খেতেই এক পরিযায়ী শ্রমিক বলে ওঠেন, "খিদের জ্বালায় এমনিই মরে যাচ্ছি। তার চেয়ে আপনারাই বরং পিটিয়ে মেরে ফেলুন।" ওই পরিযায়ী শ্রমিক দলে ছিলেন বেশ কিছু মহিলাও। অভিযোগ পুলিশ তাঁদেরও ছাড়েনি। এমনকী স্থানীয় এক প্রশাসক ওই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে এলে গুরুতর আহত শ্রমিকরা তাঁদের শরীরের ক্ষত চিহ্ন দেখান। কী ভাবে পুলিশ তাঁদের পিটিয়েছে। বেশ কিছু মহিলা শ্রমিকও দেখান, পুলিশের এই অমানবিক কীর্তি।
