বিবিপি নিউজ: দীর্ঘ দু'মাসের বেশি সময় পর অবশেষে আজ সোমবার ১ তারিখ থেকে চালু হল উত্তরবঙ্গের যাত্রা। আজ, সোমবার শিয়ালদহ থেকে ছাড়বে পদাতিক। পাশাপাশি আরও ৫টি রুটে স্পেশাল ট্রেন চালাবে রেল। আজ শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্য যাত্রী নিয়ে রওনা দেবে পদাতিক এক্সপ্রেস। মঙ্গলবার নিদ্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পরীক্ষা করে নিউ আলিপুরদুয়ারে ট্রেনে ওঠানো হবে।
জানা গেছে, দু’টি ট্রেনের জন্য স্টেশনে ঢোকা-বেরোনোর আলাদা রুট রাখছে না রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, ‘‘প্রথম থেকেই নানা ট্রেনের যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ দু’টি ট্রেনকে আপ লাইনে একসঙ্গে এনজেপি ঢোকানো হচ্ছে না। একটি ট্রেন ছেড়ে গেলে পরের ট্রেনটিকে সিগনাল দেওয়া হচ্ছে। আগে ট্রেনের যাত্রীরা বেরিয়ে গেলে দ্বিতীয় ট্রেন ঢুকছে। পাশাপাশি আজ, সোমবার থেকে চলবে অমৃতসর- নিউ জলপাইগুড়ি কর্মভূমি, নয়াদিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস, নয়াদিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেল, গুয়াহাটি- লোকমান্য তিলক এক্সপ্রেস (সাপ্তাহিক) এবং গুয়াহাটি-জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস।
