বিবিপি নিউজ: বিজেপি নেতা মণীশ শুক্লার শ্যুট আউট নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই আজ ফের আক্রান্ত হলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এদিন দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ফলতার কাছে আক্রান্ত হন। অভিযোগ, তাঁর গাড়িতে হামলা চালানো যায়। ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। রাস্তায় ফেলে শমীককে মারধর করা হয়। ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি।
আজ মঙ্গলবার ডায়মন্ড হারবারে একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন শমীক। চালক ছাড়াও তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন আরও কয়েকজন। বিজেপি নেতার দাবি, দুপুর তিনটে নাগাদ ফলতায় স্রোতের পোলের কাছে তাঁর গাড়ি ঘিরে ধরেন কমপক্ষে ১৫০-২০০ জন। তাঁদের হাতে তরোয়াল, আগ্নেয়াস্ত্র, লোহার রড ছিল বলে দাবি করেছেন শমীক।তাঁর অভিযোগ, কিছুক্ষণ পরেই সবাইকে গাড়ি টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়। বুকে-পেটে নির্বিচারে লাথি মারা হয়। রেহাই পাননি তাঁর সঙ্গীরাও। তাঁদের মারধর করা হয়। লুঠপাটও চালানো হয়। মোবাইল, টাকা-পয়সা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। শমীকের এক সঙ্গীর অভিযোগ, শুধু তাই নয়, শমীকের হাতের আংটিও খুলে নেওয়ার চেষ্টা করা হয়। আংটি দিতে না চাইলে শমীকের আঙুলও কেটে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কোনওক্রম ভাঙা গাড়িতেই উঠে এলাকা থেকে চলে আসেন বলে দাবি তাঁদের।হামলার, গুরুতর জখম হয়েছেন শমীক ভট্টাচার্য। ছোট লেগেছে পায়ে। তাঁর পায়ের এক্স-রে হতে পারে।
