বিবিপি নিউজ: জেলবন্দী বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত গালফ্রেন্ড রিয়া চক্রবর্তী। গত ২৭ দিন ধরে বাইকুল্লা জেলে রয়েছেন তিনি। আজ আদালতে তোলা হলে, ফের রিয়া, তাঁর ভাই শৌভিক সহ সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সঙ্গে সম্পর্কিত মাদককাণ্ডে গ্রেফতার ১৮ জনের বিচারবিভাগীয় হেফাজতে বেড়েছে।
এনডিপিএসের বিশেষ আদালত জানিয়েছে আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে রিয়াকে। তবে রিয়া,শৌভিক সহ মাদককাণ্ডে গ্রেফতার পাঁচজনের জামিনের আর্জির রায় আগামিকাল ঘোষণা করবে বম্বে হাইকোর্ট। তাই জামিনে কি মুক্তি পাবেন রিয়া নাকি আপতত বাইকুল্লা জেলই থাকবে তাঁর ঠিকানা, তা স্পষ্ট হয়ে যাবে বুধবার রাত ফুটলে। গত ২৯ সেপ্টেম্বর বম্বে হাইকোর্টে প্রায় সাত ঘন্টা ধরে জাস্টিট এস পি কোটওয়াল বেঞ্চে চলে রিয়া-শৌভিকদের জামিনের শুনানি। যদিও জামিনের রায় সংরক্ষিত রেখেছে হাইকোর্ট। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে লাগাতার অভিযুক্তদের জামিনের বিরোধিতা করা হয়। হাইকোর্টে এনসিবি স্পষ্ট জানায়, রিয়া ও শৌভিক মাদক চক্রের অ্যাক্টিভ সদস্য, যাঁদের হাই সোসাইটির ব্যক্তিদের সঙ্গে যোগ রয়েছে এবং মাদক পাচারকারীদের সঙ্গেও-তাই এঁদের জামিন দেওয়াটা তদন্তের গতিকে বাধাপ্রাপ্ত করবে’।
