বেলেঘাটায় ক্লাবে‌ বিষ্ফোরণ,কলকাতার বুকে বোমা তৈরির আঁতুরঘর?‌ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

বেলেঘাটায় ক্লাবে‌ বিষ্ফোরণ,কলকাতার বুকে বোমা তৈরির আঁতুরঘর?‌


বিবিপি নিউজ:
আগেই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় কটাক্ষ করে বলেছিলেন রাজ্যে বোমা তৈরির আঁতুরঘর তৈরি হচ্ছে। এবার খোদ শহর কলকাতায় বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হল বেলেঘাটার এক ক্লাব। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। আজ মঙ্গলবার সকালে বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণের তীব্রতায় ক্লাবের ১০ ইঞ্চি মোটা দেওয়াল ভেঙে পড়েছে,উড়ে গিয়েছে অ্যাসবেস্টসের ছাদও।

এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেল নামের ওই ক্লাবের তিনতলার ঘর থেকে বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা বেরিয়ে দেখেন, ক্লাবের  ঘরের পাঁচিল ভেঙে গিয়েছে। মাথার অ্যাসবেস্টস উড়ে গিয়েছে। রাস্তার চারিদিকে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে ভাঙা দেওয়ালের টুকরো আর সুতলি। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায়  ক্লাবে। স্থানীয়দের চেষ্টায় তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। বিস্ফোরণের তীব্রতা দেখে পুলিশের অনুমান, বোমা বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে। কারণ, ভেঙে পড়া দেওয়ালের টুকরোগুলি বারুদের স্পষ্ট দাগ দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি।  ক্লাবের মধ্যে বোমা মজুত করে রাখা ছিল নাকি সেখানে বোমা তৈরি হচ্ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।এদিকে, সকাল থেকে ক্লাবের কর্তাদেরও দেখা মেলেনি। গোটা ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য।


Pages