বিবিপি নিউজ: বৃহস্পতিবার বিজেপির ডাকে নবান্ন চলো অভিযান ঘিরে দিনভর রণক্ষেত্রের সৃষ্টি হয় শহর কলকাতা। লালবাজারের অনুমতি ছাড়া নবান্ন চলো কর্মসূচিতে বেআইনি জমায়েত করার অভিযোগে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়দের বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের পক্ষ থেকে, মুকুল রায়, কৈলাসদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ও মহামারি আইনে অভিযোগ আনা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অনুমতি ছাড়াই বৃহস্পতিবার কলকাতায় বিশাল জমায়েতে নেতৃত্ব দিয়েছিলেন এই ব্যক্তিরা। তবে তালিকায় নেই দিলীপ ঘোষের নাম। পুলিশের ব্যারিকেড পেরিয়ে নবান্নে পৌঁছতে গিয়ে বাধার মুখে হিংসাত্মক হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। পালটা লাঠি চালায় পুলিশ। ছোড়ে টিয়ার গ্যাসের সেল।বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আন্দোলন হিংসাত্মক করে তোলার জন্য যাবতীয় প্ররোচনা ছিল। কিন্তু পুলিশ সহিষ্ণুতা দেখানোয় হিংসা এড়ানো গিয়েছে। তবে কিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপ করেছে পুলিশ। এর পরই এদিন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, রাকেশ সিং, ভারতী ঘোষ ও জয়প্রকাশ মজুমদারের নাম।
