বিবিপি নিউজ: আর মাত্র ১০ দিন পর ফের স্কুলে যেতে পারবে পড়ুয়ারা। আগামী ১৫ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার থেকে গোটা দেশে ধাপে ধাপে খুলতে চলেছে স্কুল ও কোচিং সেন্টার। আনলক-৫ এর মধ্যে স্কুল খোলার আগে সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে পরের সপ্তাহ থেকেই স্কুল খোলা হবে কিনা, সে বিষয়ে রাজ্যগুলিও সিদ্ধান্ত নিতে পারে বলে জানা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, 'কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের জারি করা SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) উপর ভিত্তি করে স্কুল খোলার ক্ষেত্রে স্বাস্থ্য ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিজেদের SOP তৈরি করবে। স্থানীয় পরিস্থিতি এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সেই SOP গ্রহণ করতে পারে।' তবে ১৫'ই অক্টোবর থেকে স্কুল নাও খুলতে পারে বেশ কিছু রাজ্যে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে স্কুল খোলার পর দু'তিন সপ্তাহ পর্যন্ত কোনও পরীক্ষা নেওয়া যাবে না। অনলাইন ক্লাসে উৎসাহ প্রদান করতে হবে। অভিভাবকদেের লিখিত অনুমতি থাকলে তবেই স্কুলে যেতে পারবে পড়ুয়ারা। যে পড়ুয়া ও শিক্ষকরা কনটেনমেন্ট জোনে থাকেন, তাঁরা স্কুলে আসতে পারবেন না। স্কুলে ঢোকার আগে পড়ুয়া ও শিক্ষকদের বাধ্যতামূলকভাবে দেহের তাপমাত্রা মাপতে হবে। স্কুলের প্রবেশপথে থার্মাল স্ক্যানার থাকবে। যদি সম্ভব হয়, তাহলে স্কুলে ঢোকা ও বেরনোর জন্য পৃথক গেটের বন্দোবস্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক। পড়ুয়াদের উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা থাকবে। কড়াকড়ি করা হবে না। স্কুলে যাওয়ার পরিবর্তে পড়ুয়ারা অনলাইন ক্লাসও করতে পারবে।
