বিবিপি নিউজ: পার্টিতে মদ শেষ হয়ে যাওয়ায় হ্যান্ড স্যানিটাইজার খেয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন। এছাড়াও কোমায় রয়েছেন আরো দুইজন। ঘটনাটি ঘটেছে রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের তাত্তিনস্কি জেলার তমতর গ্রামে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, গত বৃহস্পতিবার এক দল লোক পার্টি করছিলেন। অনুষ্ঠানের মাঝখানে তাদের পানীয় শেষ হয়ে যাওয়ায় হাতের কাছে থাকা করোনাভাইরাস প্রতিরোধী হ্যান্ড স্যানিটাইজার পান করেন নেশার ঘোরে। এতে প্রাথমিকভাবে তিনজন অসুস্থ হয়ে পড়েন, তাদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকের মৃত্যু বলে ঘোষণা করেন। পরে হাসপাতালে গত দুইদিনে আরো চারজনের মৃত্যু হয়।
মারা যাওয়া সাতজনের মধ্যে প্রথম তিনজনের একজন ৪১ বছর বয়সী নারী। দুইজনের বয়স ২৭ এবং ৫৯ বছর। এ অবস্থায় অসুস্থ বাকি ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে আনা হয়। এরমধ্যে শুক্রবার আরো তিনজনের মৃত্যু হয়। যাদের বয়স ২৮, ৩২ এবং ৬৯। আর শনিবার অপর ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স জানা যায়নি। এ বিষয়ে রাষ্ট্রীয় আঞ্চলিক প্রসিকিউটর বলেন, স্যানিটাইজার পাণের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারা যা পান করেছেন তাতে ৬৯ শতাংশ মিথানল ছিল, যা করোনা মহামারির সময়ে হ্যান্ড স্যানিটাইজার হিসেবে বিক্রি করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
