বিবিপি নিউজ: নতুন ডিরেক্টরের ফতোয়ায় অস্বস্তিতে পড়েছে গোটা দেশের সিবিআইয়ের অফিসারেরা। ফর্মাল পোশাক চল থাকলেও কড়া কোনও নিয়ম বিধি ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে নিয়ম নিজেরাই পাল্টে ফেলেছিলেন অফিসাররা। অফিসে আরামদায়ক পোশাক পরার ক্ষেত্রেই জোর দিয়েছিলেন তাঁরা। কিন্তু বাধ সেধেছে নয়া ডিরেক্টরের নিয়মে। এবার থেকে অফিসে পরা যাবে না ক্যাজুয়াল পোশাক। জোর দিতে হবে ফর্মাল পোশাকেই। পাশাপাশি জিনস, টিশার্ট একেবারেই পরা যাবে না। দাড়িও রাখা যাবে না। চুল কাটতে হবে ছোট করে। সিবিআই কর্মীদের জন্য এমনই বিধান দিয়েছেন সদ্য নিযুক্ত ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। ২৫ মে এই পদে এসেছেন তিনি। তারপরই জারি হয়েছে এই নির্দেশিকা। অফিসে কী পরে আসতে হবে, সেই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠানো হয়েছে সিবিআই–এর সব দফতরে। নতুন পোশাকবিধিতে বলা হয়েছে, পুরুষ কর্মীদের শার্ট, ফর্মাল ট্রাউজার, জুতো পরে অফিস ঢুকতে হবে। গোঁফ, দাড়ি ছেঁটে আসতে হবে। স্পোর্টস শু, টিশার্ট পরা চলবে না। মহিলা কর্মীদের শাড়ি, সালোয়ার কামিজ, শার্ট ও ট্রাউজার পরা যাবে। জিনস পরা চলবে না।দেশের সব সিবিআই অফিসে এই বিধি মানতে হবে। নিয়ম মানা হচ্ছে কিনা, দেখার দায়িত্ব ওই দফতরের প্রধানের।
