বিবিপি নিউজ: ঘূর্ণিঝড় গুলাব গিয়েছে অন্ধ্র ও ওড়িশার উপর দিয়ে। ফলে রক্ষা পেয়েছে পেয়েছে পশ্চিমবঙ্গ। তবে ঝড় থেকে বাঁচলেও নিম্নচাপের ভ্রুকুটি এখন বাংলার উপরে। বুধবার রাজ্যের কয়েকটি অংশ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এনিয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী বুধবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। এদিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে। এদিকে নিম্নচাপের জেরে বুধবার রাজ্যে হালকা থেকে মাঝারি গতির ঝড়ও হতে পারে। ঝড়ের গতি হতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি হতে পারে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওই ঘূর্ণাবর্ত সরে এসে পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করবে। এর ফলে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
