বিবিপি নিউজ: ত্রিপুরার পর ঘাসফুলের মাটি শক্ত হচ্ছে গোয়াতেও। বুধবার রাজ্যের শাসকদল তৃনমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেরিও। ফলে যাবতীয় জল্পনার অবসান ঘটল।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় এসেছিলেন লুইজিনো। বুধবার তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী দিনের চলার পথ নিয়েও কথাবার্তা বলেন তিনি। তাঁর সঙ্গেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে গোয়ায় সংগঠন বৃদ্ধির ক্ষেত্রে যে কয়েকধাপ এগিয়ে গেল তৃণমূল এটা অনেকেই মনে করছেন। এনিয়ে টুইটও করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃনমূল নেত্রী লিখেছেন, ‘এটা আমার কাছে খুবই গর্বের যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাত বারের বিধায়ক, গোয়ার নামকরা রাজনীতিবিদ শ্রী লুইজিনহো ফালেরিওকে তৃণমূল পরিবারে স্বাগত জানাতে পেরেছি। গোয়াবাসীর পাশে আমরা একসঙ্গে দাঁড়াব। গোয়াতে নতুন ভোরের জন্য় আমরা লড়াই চালিয়ে যাব।’
