বিবিপি নিউজ: ভবানীপুরের উপনির্বাচন নিয়ে অবশেষে হাইকোর্টে স্বস্তি মিলল। আগামী ৩০ তারিখ ‘ভবানীপুরে উপনির্বাচন করাতে কোনও বাধা নেই’, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট সূচি মেনে ওই আসনে ভোট হবে বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। নির্বাচনী বিজ্ঞপ্তির কিছু অংশে আপত্তি জানিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এই মামলাতেই এদিন রায় ঘোষণা করা হয়েছে। ভবানীপুরে উপনির্বাচন না হলে তৈরি হতে পারে সাংবিধানিক সঙ্কট। এই মর্মে সুপারিশ করে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন মুখ্যসচিব। ভোটের বিজ্ঞপ্তিতে সেই কথা উল্লেখ করে কমিশন। কমিশনে চিঠি দেওয়া নিয়ে মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে কয়েক দিন আগে কলকাতা হাইকোর্টে হয় মামলা। এদিন ভারপ্রাপ্ত বিচারক উপনির্বাচন নিয়ে করা জনস্বার্থ মামলা নাকচ করলেন।
