বিবিপি নিউজ: আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতের ভোট। মোট ৩২৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। ২৮ নভেম্বর ফলাফল ঘোষণা। এই প্রথমবার ত্রিপুরার পুরভোটে অংশ নিতে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই পুরভোটে হাতছাড়া করতে নারাজ তৃনমূল। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়ে, বাংলার পাঁচ বিধায়কক সহ ন’জন তৃণমূল নেতাকে পাঠানো হল ত্রিপুরার পুরভোট-যুদ্ধের ময়দানে।
পশ্চিমবঙ্গ বিধানসভার পাঁচ বিধায়ক-সহ দায়িত্ব পাওয়া ন’জন নেতা বুধবার সকালের বিমানেই ত্রিপুরা পৌঁছে গিয়েছেন। ভোট পর্যন্ত সেখানেই তাঁদের থাকতে বলা হয়েছে। এ ছাড়াও ত্রিপুরায় যাবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। প্রচারে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও। এই পাঁচ বিধায়কের তালিকায় রয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী,মুর্শিদাবাদের শমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম,বীরভূমের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ,বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,চাঁপদানি পুরসভার পুর প্রশাসক তথা বিধায়ক অরিন্দম গুঁই।