বিবিপি নিউজ: সব ঠিকঠাক ছিল, সঠিক সময়েই মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছিল বর। কিন্তু ছোট্ট বিপত্তিতেই সবকিছু যেন মুহুর্তের মধ্যে শোকের ছায়া ডেকে আনলো। ছাদনাতলায় বিষ খেলেন বর ও কনে। এই ঘটনায় বরের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কনে।
বিয়ের আসরে ঝামেলা থেকেই তাঁদের এই পরিণতি বলে মনে করা হচ্ছে। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরে। সম্প্রতি সেখানে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ের দিনই বিষ খেয়েছেন ২১ বছর বয়সি যুবক। তাঁর মৃত্যু হয়েছে। বিষ খাওয়ার পর হবু স্ত্রীকে সে কথা জানিয়ে দেন বর। যা শুনে কনেও বিষ পান করেন।
যুবকের মৃত্যু হলেও কনেকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২০ বছরের তরুণীর চিকিত্সা চলছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা।
পুলিশ জানিয়েছে, কনড়িয়া এলাকার আর্যসমাজ মন্দিরে ওই তরুণ, তরুণীর বিয়ের আসর বসেছিল। বিয়ের সময় বর এবং কনের মধ্যে কোনও বিষয়কে কেন্দ্র করে বচসা হয়। তার পরেই বিষ খেয়ে ফেলেন বর। তিনি যে বিষ খেয়েছেন, কনেকে নিজের মুখেই তা জানান। তার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ইন্দোরের সহকারী সাব-ইনস্পেক্টর রমজান খান জানিয়েছেন, বর বিষ খেয়েছেন শুনে এক মুহূর্তও দেরি করেননি কনে। তিনিও সঙ্গে সঙ্গে বিষ পান করেন। দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যুবককে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন। তরুণীর চিকিত্সা চলছে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
