বিবিপি নিউজ: ‘‘মণিপুর পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করতে সরকারের কোনও আপত্তি নেই।’’ সোমবার লোকসভায় একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন কি না তা স্পষ্ট নয়।
মণিপুরকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সংসদে ধারাবাহিক বিক্ষোভ চালাচ্ছেন বিরোধী সাংসদেরা। এই পরিস্থিতিতে রাজ্যসভার মতোই লোকসভার অধিবেশনও বিরোধী এবং সরকারপক্ষের বিতণ্ডার জেরে দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে।
আরও দেখুনঃ যখন তখন আমি গ্রেফতার হতে পারি! কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
২৬৭ ধারায় লোকসভা এবং রাজ্যসভায় সব কর্মসূচি বন্ধ রেখে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ‘ঘটনা’-সহ মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভোটাভুটি-সহ আলোচনার দাবিতে শুক্রবার নোটিস দিয়েছিল কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল। কিন্তু তাতে রাজি হয়নি মোদী সরকার। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ২৬৭ ধারার পরিবর্তে ১৭৬ ধারায় আলোচনা চেয়েছিলেন। কিন্তু বিরোধীরা তাদের দাবিতে অনড় রয়েছে। এই পরিস্থিতিতে শাহ সোমবার বলেন, ‘‘আমরা সভায় এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ করছি এই বিষয়ে আলোচনা করতে দিন। এই স্পর্শকাতর বিষয়ে দেশ যাতে সত্য জানতে পারে তা খুবই গুরুত্বপূর্ণ।’’
