বিবিপি নিউজ: ঘরে ঢুকে মূল্যবান কোন জিনিস ও আসবাবপত্র না পেয়ে অবাক কাণ্ড ঘটালেন চোর। গৃহস্থের জন্যে ৫০০ টাকার একটি নোট রেখে যান তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক এম রামাকৃষ্ণর বাড়িতে চোর ঢুকেছিল গত ২০-২১ জুলাই রাতে। কিন্তু চোর একে তো কিছু নেয়নি, বরং যাওয়ার সময় উল্টো ৫০০ টাকার একটি নোট রেখে গেছে বৃদ্ধের জন্য।
জানা যায়, গত ১৯ জুলাই স্ত্রীকে নিয়ে গুরুগ্রামে ছেলের বাড়ি গিয়েছিলেন রামাকৃষ্ণ। ২১ জুলাই এক প্রতিবেশীর কাছ থেকে ফোনে তার বাড়িতে চোর ঢোকার খবর পান। খবর পেয়েই নয়াদিল্লীর রোহিনি বাড়িতে ছুটে আসেন বৃদ্ধ। এসে দেখেন, প্রধান গেটের তালা ভাঙা। কিন্তু ভেতরে ঢুকেই তাজ্জব বনে যান রামাকৃষ্ণ। খেয়াল করে দেখেন, চোর কিছুই নিয়ে যায়নি। তবে দরজার কাছে একটি ৫০০ টাকার নোট পড়ে রয়েছে।
রামাকৃষ্ণ পুলিশকে জানিয়েছেন, তিনি ঘরে কোনো মূল্যবান জিনিসপত্র রাখেন না। তাই হয়তো চোর নেওয়ার মতো কিছু না পেয়েই ফিরে গেছে। এমনকি, ঘরের আলমারিগুলোও অক্ষত ছিল। রামাকৃষ্ণর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে সেই ব্যতিক্রমী মানবিক চোরের বিষয়ে।
