শিয়ালদহ বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, সিগন্যালিংয়ের সমস্যায় ভোগান্তিতে যাত্রীরা! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

শিয়ালদহ বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, সিগন্যালিংয়ের সমস্যায় ভোগান্তিতে যাত্রীরা!

 



বিবিপি নিউজ: শুক্রবার সাত সকালে ব্যাহত শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচল। এর জেরে ভোগান্তিতে পড়েছেন নিত্য যাত্রীরা। এমনকী তিতিবিরক্ত হয়ে  ট্রেন চালককে মারধরের চেষ্টার অভিযোগও উঠেছে যাত্রীর বিরুদ্ধে।



রেল সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ শিয়ালদহ বনগাঁ শাখার বারাসতে সিগন্যালের গোলমালের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদাহগামী দিনের দ্বিতীয় ট্রেনটিই আটকে যায় বামনগাছি স্টেশনে। গোটা রুটের পরিষেবাই সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। যার ফলে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। 



 দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় বামনগাছী স্টেশনে চালকের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ওই চালককে প্রথমে গালিগালাজ করে এক যুবক। তারপর তাঁকে মারধর করার চেষ্টা করে। যদিও ওই চালককে রক্ষা করেন অন্য যাত্রীরাই। তাঁরা আবার ওই যুবককে পালটা মারধর করেন বলে খবর। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে প্রায় ঘণ্টাদু’য়েক বাদে সিগন্যাল সমস্যা মিটিয়ে বনগাঁ লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু সব ট্রেনই প্রায় ১ ঘণ্টা দেরিতে চলছে।

Pages