রজত জয়ন্তীর উচ্ছ্বাসে প্রাক্তনীদের মহামিলন, নতুন স্বপ্নের বার্তা নেতাজী শতবার্ষিকী মহাবিদ্যালয়ের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

রজত জয়ন্তীর উচ্ছ্বাসে প্রাক্তনীদের মহামিলন, নতুন স্বপ্নের বার্তা নেতাজী শতবার্ষিকী মহাবিদ্যালয়ের

 


বিবিপি নিউজ,প্রদীপ ব্যানার্জি,অশোকনগর: অশোকনগরের নেতাজী শতবার্ষিকী মহাবিদ্যালয় ২৫ বছর পূর্ণ করে ২৬-এ পদার্পণ উপলক্ষে ২২ ফেব্রুয়ারি রবিবার প্রাক্তনী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল এক বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসব। সকালেই কুচকাওয়াজ এবং নেতাজী সুভাষচন্দ্র বসু-র আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের সমবেত সংগীত পরিবেশনা সকলকে মুগ্ধ করে। অধ্যক্ষের স্বাগত ভাষণের পাশাপাশি প্রাক্তনী ও আমন্ত্রিত শিল্পীদের সঙ্গীত, যন্ত্রসংগীত এবং আবৃত্তি অনুষ্ঠানে উৎসবের আবহ তৈরি করে।

এদিন প্রাক্তন অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বহু প্রাক্তনী দীর্ঘদিন পর তাঁদের প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা জানান, কলেজে দায়িত্বশীল শিক্ষাদান ও মানসম্মত পাঠক্রম নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তব্য রাখছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী 



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি কলেজের প্রতিষ্ঠাতাদের অবদান স্মরণ করে শিক্ষা বিস্তারে তাঁদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। কলেজের উন্নয়নের স্বার্থে প্রক্তনীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। মাতৃভাষা বাংলার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা থাকলেও বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। পাশাপাশি হাতে-কলমে শিক্ষার মাধ্যমে কর্মমুখী একাধিক নতুন কোর্স শীঘ্রই চালুর আশ্বাস দেন।




মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. শতাব্দী বিশ্বাস জানান, আগামী ১০ মার্চ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স শুরু হচ্ছে। এছাড়াও এনএসডিসি-র আওতায় ইমারজেন্সি মেডিকেল সার্ভিস কোর্স শুরু হবে এবং ও স্পোকেন ইংলিশ কোর্সও চালু হবে খুব শীঘ্রই। সাম্প্রতিক কলেজের লাইব্রেরি এলাকার সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Pages