বিবিপি নিউজ: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে নোটিস দিল বিরোধীরা। মঙ্গলবার দুপুরে লোকসভার সচিবালয়ে এই নোটিস জমা দেন কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ। জানা যাচ্ছে, ওই নোটিস লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপলকুমার সিংহকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন স্পিকার। তবে বিরোধী শিবিরের ১২০ জন সাংসদের স্বাক্ষর করা অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশাপাশি ডিএমকে এবং সমাজবাদী পার্টির সাংসদেরাও স্বাক্ষর করেছেন।
তবে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা ওই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেনি বলেই জানাচ্ছে সংবাদ পিটিআই। বিরোধী শিবিরের অভিযোগ, লোকসভার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের ধন্যবাদজ্ঞাপন পর্বে রাহুল-সহ বিরোধী দলের বিভিন্ন সাংসদকে বক্তৃতা করতে দেওয়া হয়নি। পাশাপাশি আট জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই দুই ঘটনার প্রতিবাদেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চাইছে বিরোধী শিবির। লোকসভার সচিবালয়ের এক সূত্র পিটিআই-কে জানাচ্ছে, নোটিসটি যাচাই করে নিয়ম অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পিটিআই আরও জানাচ্ছে, অতীতেও লোকসভার স্পিকারকে অপসারণের জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও বারই তা সফল হয়নি।
