বিবিপি নিউজ: গুরুত্বপূর্ণ রাস্তা খুঁড়ে অচলাবস্থা করে দিয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ এলাকা বাসীর। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত গুমা চৌমাথা-থেকে স্টেশনগামী রাস্তা রাজীবপুর পর্যন্ত সংস্কারের জন্য প্রায় মাস তিনেক বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, গুমা চৌমাথা থেকে রাজীবপুরগামী সড়কটি গুমা অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম যোগাযোগ পথ। প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, কর্মজীবী ব্যক্তি এবং বিভিন্ন যানবাহন এই সড়ক ব্যবহার করে থাকেন। পূর্ববর্তী সরকারের আমলে সড়কটির পুনর্নির্মাণের উদ্দেশ্যে রাস্তার পুরোনো অংশ খনন করা হলেও পরবর্তীকালে কাজের অগ্রগতি কার্যত বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে সড়কটি অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে রাস্তার বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং বহু অংশে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষত গুমা চৌমাথা থেকে রাজীবপুর ও কামারপুর রোডের সংযোগস্থল (তিনমাথার মোড়) পর্যন্ত প্রায় ১.৩ কিলোমিটার অংশে সর্বাধিক যানবাহন চলাচল করে। অথচ এই গুরুত্বপূর্ণ অংশটির বেহাল অবস্থার কারণে নিত্যদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এছাড়াও রাস্তার পাশের ফুটপাথজুড়ে পাথর ও খোয়া ছড়িয়ে থাকায় পথচারীদের চলাচলেও যথেষ্ট অসুবিধা সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। বৃষ্টির জল গর্তে জমে রাস্তার প্রকৃত অবস্থা বোঝা যায় না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। পাশাপাশি, গুমা স্টেশন থেকে তিনমাথার মোড় পর্যন্ত উপযুক্ত জলনিকাশি ব্যবস্থার অভাব দীর্ঘদিনের একটি গুরুতর সমস্যা। বর্ষাকালে জল জমে যায় ও বৃষ্টির জলের সাথে মিশে রাস্তার উপর চলে আসে। এতে ক্ষয়ক্ষতির সম্ভবনা তৈরি হয় এবং সাধারণ মানুষের চলাচলের সমস্যা সৃষ্টি হয়। এদিন স্থানীয় পথচারীরা জানান খুব শীঘ্রই রাস্তাটি সংস্কারের কাজ সম্পন্ন করলে ভালো হয়।
