উৎসবে রাজনৈতিক দখলদারি না করার স্পষ্ট বার্তা শমীকের, কোনও পুজোর সভাপতি হচ্ছি না - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

উৎসবে রাজনৈতিক দখলদারি না করার স্পষ্ট বার্তা শমীকের, কোনও পুজোর সভাপতি হচ্ছি না

 



বিবিপি নিউজ: মহানগরের  নামী পুজোগুলির রাশ কার হাতে থাকবে? পালাবদলের পরেই শুরু হয়েছিল জল্পনা। বিভিন্ন পুজোর সঙ্গে নাম জড়াচ্ছিল বিজেপি নেতা-সাংসদ-বিধায়কদের। এ বার সেই জল্পনাতেই জল ঢাললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। স্পষ্ট জানালেন, রাজ্যের কোনও পুজো কমিটিরই সভাপতি তিনি হচ্ছেন না। সেই সঙ্গে বিজেপির নেতা, বিধায়ক, সাংসদদেরও দিয়েছেন কড়া বার্তা। সমাজমাধ্যমে পোস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন, পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না।

শমীক ভট্টাচার্য কলেজ স্কোয়্যারের পুজোর সভাপতি হচ্ছেন বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তা ভুল। 



জল্পনা তৈরি হয়েছিল, সুরুচি সঙ্ঘের পরে কলেজ স্কোয়্যারের পুজো কমিটির মাথাতেও বসছেন বিজেপি নেতা। সূত্রের খবর, শমীককে পুজোর সভাপতি পদে বসার জন্য কমিটির তরফে অনুরোধ জানানো হয়েছিল। শমীক স্পষ্ট জানিয়েছেন, সেই আবেদন তিনি গ্রহণ করেননি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘কলেজ স্কোয়্যারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়্যার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না।’’ শমীক জানিয়েছেন, কমিটির তরফে খুঁটি পুজোর জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছিল, তা তিনি রক্ষা করবেন। আগামী বৃহস্পতিবার তিনি সেখানে যাবেন, তবে কমিটির কোনও পদে থাকবেন না।

Pages