নভেম্বরেই সাত পুরসভার ভোট, প্রস্তাব কমিশনের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নভেম্বরেই সাত পুরসভার ভোট, প্রস্তাব কমিশনের

 



বিবিপি নিউজ: রাজ্যের সাতটি পুরসভার নির্বাচনের তোড়জোড় শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য সরকারের কাছে ভোটগ্রহণের নির্দিষ্ট দিনক্ষণের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সম্প্রতি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কমিশন আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর ভোটগণনার প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকারের চূড়ান্ত সম্মতি মিললে দুর্গাপুজোর পরেই নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।


যে সাতটি পুরসভায় ভোট বকেয়া রয়েছে, সেগুলি হল—কলকাতা ও হাওড়া পুরনিগম এবং বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়ং পুরসভা।


কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট প্রক্রিয়া যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত হয়, সে বিষয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠক ছিল রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তার। বৈঠকে রাজ্য পুলিশের ডিজিপি ও ডিজি আইনশৃঙ্খলার কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট নিয়েছে কমিশন। কোন পুরসভায় কত স্পর্শকাতর এলাকা, তার ভিত্তিতেই তৈরি হবে নিরাপত্তার নকশা। পুরভোটে কত সংখ্যক পুলিশ মোতায়েন করা সম্ভব, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আজ। রাজ্যের সম্মতি মিললেই পুরভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। সবকটি পুরসভাতেই নির্বিঘ্নে ভোট করানোর প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

Pages