ইন্ডিয়া জোটে তোলপাড়: বাসের ছাদে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়ঙ্কা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইন্ডিয়া জোটে তোলপাড়: বাসের ছাদে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়ঙ্কা



বিবিপি নিউজ: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল। মঙ্গলবার নির্বাচন সদন অভিযানের সময় আকাশবাণী ভবনে অবস্থান এবং পুলিশের কাজের বাধার অভিযোগে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বটরা, অখিলেশ যাদবসহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর করে দিল্লি পুলিশ।


তবে আইনি পদক্ষেপ সত্ত্বেও দমে না গিয়ে বুধবার ফের আন্দোলনে নামেন বিরোধী সাংসদেরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের আমন্ত্রণে মধ্যাহ্নভোজের বৈঠকে যোগ দিয়ে নেতারা পরবর্তী রণকৌশল ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নালিশ জানানোর খসড়া চূড়ান্ত করেন। এরপর তিনটি বাসে চেপে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেন তাঁরা। কিন্তু যন্তর মন্তরে আগে থেকেই ১৬৩ ধারা জারি করে রেখেছিল পুলিশ। মাঝপথে বাস থামানো হলে বিরোধী সাংসদেরা বাসের ছাদেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান। এরপর দিল্লি পুলিশ জোরপূর্বক রাহুল, প্রিয়ঙ্কাসহ একাধিক সাংসদকে টেনে-হিঁচড়ে আটক করে থানায় নিয়ে যায়। রাত ৮টার পর তাঁদের মুক্তি দেওয়া হয়।



বিরোধী জোটের এই আন্দোলন কেবল দিল্লিতেই সীমাবদ্ধ নেই; কলকাতা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। জালিয়াতি ও ভোটচুরির প্রতিবাদে ওড়িশায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস, বাম ও বিজেডি। অন্যদিকে, দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে নিজের ঘোষিত ছত্তিশগড় সফর 'অনিবার্য কারণে' বাতিল করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিশেষ সূত্রে খবর, বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যেতে পারেন। শুক্রবার রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবদের সাথে প্রতিনিধিদলে যোগ দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী নেতৃত্বের।

Pages