![]() |
| ছবি: পিটিআই |
বিবিপি নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র ‘নির্বাচন সদন’ অভিযান ঘিরে দিল্লিতে তুলকালাম। এই মিছিলের সময় অনুমতি ছাড়া আকাশবাণী ভবনের চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বটরা-সহ একাধিক বিরোধী নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ।
মঙ্গলবার সংসদ চত্বর থেকে নির্বাচন সদনের দিকে মিছিল করে যাওয়ার সময় পথেই তা আটকে দেয় পুলিশ। পুলিশের দাবি, পুরো কর্মসূচিটিই করা হয়েছিল আগাম অনুমতি ছাড়া। বাধা পেয়ে আকাশবাণী ভবনের সামনে প্রায় সাড়ে ৮ ঘণ্টা অবস্থানে বসেন বিরোধীরা। পুলিশের বারবার সরে যাওয়ার আর্জি জানানো সত্ত্বেও রাহুলেরা নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাতের দাবিতে অনড় থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত আকাশবাণী ভবন চত্বর থেকে রাহুল ও প্রিয়ঙ্কাকে আটক করে নিউ পুলিশ লাইন্সে নিয়ে যায় দিল্লি পুলিশ। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। বেআইনি জমায়েত ও অনুমতি ছাড়া সরকারি ভবনে প্রবেশের দায়েই এই আইনি পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।
